হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছে রাজধানী নয়াদিল্লিতে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে তাদের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্নের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বিশেষ বিমানে করে সদ্য প্রয়াত জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে নেওয়া হবে। এরপর দুজনের মরদেহ তাদের বাড়িতে রাখা হবে।
দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লির সেনা ছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।
এর আগে বুধবার (৮ ডিসেম্বর) ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ মোট ১৩ জন। তিনি ২০১৯ সালের জানুয়ারি মাসে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। মিলিটারি অ্যাফেয়ার্সের নতুন বিভাগের প্রধান হিসেবেও অতিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
বুধবার সন্ধ্যায় দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে টুইট বার্তায় রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমেছে গোটা ভারতে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরই মধ্যে বিপিন রাওয়াতকে নিয়ে একাধিক টুইট বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী ও সশস্ত্র বাহিনীর অন্য কর্মীদের হারিয়েছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি